নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি বিশেষ দল উপজেলার বদিজামালপুর কানিপাড়া এলাকার রেজাউল করিম ওরফে রাজু আহমেদ (পিতা-মৃত নুর উদ্দিন)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৩০ হাজার টাকা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ হেলাল উদ্দিন (৩৭), পিতা-মৃত হাকিম, সাং চামটারপাড় এবং মোঃ রাব্বি (২৬), পিতা-মৃত শাহজাহান আলী, সাং বিদ্যুৎপাড়া। উভয়ের বাড়ি নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।