মারুফ হাসান
ফটো প্রতিনিধি
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য ও আইনি জটিলতার পর গত বছর ঘটনাটি হত্যা মামলা হিসেবে নতুন করে সামনে আসে। আদালতের নির্দেশনার পর ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর হোসেন কুমকুম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন। এ ছাড়া ডেভিড, জাভেদ ও ফারুকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে প্রায় তিন দশক ধরে নানা আলোচনা ও বিতর্ক চলে আসছে।
সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মধ্যেই এবার মামলার অন্যতম আসামি অভিনেতা ডনের গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে কি না এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।