স্টাফ রিপোর্টার সেলিম রেজা
ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শুক্রবার (১ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি জানায়, ৩০ এপ্রিল বিকেল ৫টা ৫ মিনিটে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে নাঈম ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
অপরদিকে, একইদিন রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ভূঁইয়া (২২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রাত ১০টা ৫৫ মিনিটে সাভারের যাদুরচর এলাকায় পৃথক অভিযানে ফরহাদ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ জানায়, ফরহাদের বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।