নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মোঃ সুলতান মাহমুদ (২৭) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রামের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কচাকাটা থানা পুলিশের একটি চৌকস দল থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বাসিন্দা মোঃ সুলতান মাহমুদকে ৩৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস বলেন, কচাকাটা থানা এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশ প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর একজনকে ৩৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।