জাহিদ হাসান
বিশেষ প্রতিনিধি
চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের দেংওয়েই গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর সেখান থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০টি সাপ পালিয়ে লোকালয়ে ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে মারাত্মক বিষধর গোখরাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, টাইফুন ‘মায়সাক’-এর প্রভাবে গুয়াংজি অঞ্চলে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে হেংঝৌ এলাকার লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়। বন্যার পানিতে দেংওয়েই গ্রামের একটি সাপের খামার সম্পূর্ণ তলিয়ে গেলে শত শত সাপ খামার থেকে বেরিয়ে আশপাশের বসতবাড়ি ও লোকালয়ে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই সকালে বন্যার পানিতে খামারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই এলাকাজুড়ে সাপ দেখা যাওয়ার ঘটনা বাড়তে থাকে। দেংওয়েই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, সাপের কামড়ে আহত হয়ে অন্তত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সাপচাষিদের ভাষ্য, ওই অঞ্চলের খামারগুলোতে প্রধানত গোখরা, কিং র্যাট স্নেক এবং জলসাপ পালন করা হয়। এর মধ্যে গোখরা অত্যন্ত বিষধর হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, দীর্ঘ সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকা এবং অনুকূল পরিবেশের অভাবে পালিয়ে যাওয়া সাপগুলোর একটি বড় অংশ মারা যেতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো উদ্ধারকারী দল মোতায়েন করেছে। পাশাপাশি নতুন করে দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক ডজনের বেশি বাসিন্দাকে নিয়ে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সাপ শনাক্ত, উদ্ধার এবং নিরাপদে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।