নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কিশোর সমাজকে মোবাইল ফোনের আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করেছেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় কিশোরদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়। নতুন ফুটবল পেয়ে কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
ফুটবল বিতরণকালে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. মিলন মিয়া বলেন, বর্তমান সময়ে কিশোর-তরুণদের একটি অংশ অতিরিক্ত মোবাইল ব্যবহার ও মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিক নানা সমস্যার ঝুঁকিও তৈরি হচ্ছে। কিশোরদের মাঠমুখী করতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “কিশোররা যেন মোবাইলের স্ক্রিনে অতিরিক্ত সময় না কাটিয়ে মাঠে এসে খেলাধুলা ও শরীরচর্চায় অংশ নেয়—এটাই আমাদের মূল লক্ষ্য। খেলাধুলা কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মিলন মিয়া আরও বলেন, “শুধু সাংবাদিকতা ও তথ্য পরিবেশন নয়, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেও নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের ইতিবাচক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে দেখছেন।