স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
সাইদুল ইসলাম সিহাব
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিব এবং আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বন্দর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।
এ সময় বর্তমানে এলপিজি গ্যাসের সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত দাম আদায় রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।