নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. সুজন সাহা দায়িত্ব গ্রহণের পর থেকেই বদলে যেতে শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক চিত্র। তার গতিশীল নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলায় এসেছে ইতিবাচক পরিবর্তন।
গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন, যার সুফল পেতে শুরু করেছেন হাসপাতালে আগত স্থানীয় সেবাগ্রহীতারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. সুজন সাহা দায়িত্ব নেয়ার পর থেকেই হাসপাতালে সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
নিয়মিত তদারকি, কর্মস্থলে চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিতকরণ এবং রোগীদের প্রতি আন্তরিক সেবা প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে সেবার আওতা ও মান আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও নির্ভুল করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওপেন এসআরপি’ এবং স্বাস্থ্য বিভাগের পাইলট প্রকল্প ‘ভারবাল অটোপসি’ বাস্তবায়নে নাগেশ্বরী উপজেলায় এখন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দিকনির্দেশনা এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের নিবিড় তদারকিতে মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা এসব কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছেন।
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিয়মিত মাঠপর্যায়েও তদারকি চালাচ্ছেন এই কর্মকর্তা।
বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের নিয়মিত স্বাস্থ্য সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে জোর দেয়া হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, হাম-রুবেলা ক্যাম্পেইন, স্কুল পর্যায়ে টিসিভি ও এইচপিভি টিকা প্রদানসহ নানা প্রতিরোধমূলক কর্মসূচির সঠিক তদারকির ফলে উপজেলায় সাফল্য এসেছে—সম্প্রতি জরায়ুমুখের পরিক্ষায় কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
এছাড়া উপজেলার ৪৯টি কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে।
ফলে প্রান্তিক মানুষ নিজ এলাকায় বসেই মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন।
বৃহত্তর এই উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রয়োজনীয় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং চিকিৎসাবান্ধব পরিবেশ তৈরিতে আন্তরিকতার সাথে কাজ করছেন। রোগী ও সেবাগ্রহীতাদের কথা ধৈর্য ধরে শোনা এবং দ্রুত সমস্যার সমাধান করার মাধ্যমে স্থানীয়দের কাছে ডা. সুজন সাহ ইতিমধ্যে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।
একজন দূরদর্শী ও মানবিক কর্মকর্তা হিসেবে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে তার এই প্রচেষ্টা স্থানীয় স্বাস্থ্য খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
চরাঞ্চলের থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জোসনা,পারুল,কাদের, মজিদ নামে কয়েকজন রোগী স্বাস্থ্যসেবার মানে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আগে হাসপাতালে এসে সঠিক ভাবে কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা না মিললেও বর্তমানে সেবা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত। এখন নিয়মিত চিকিৎসক, নার্স পাওয়ার পাশাপাশি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে মিলছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।
এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাধারণ মানুষের জন্য একটি বিশ্বস্ত ও মানসম্মত সেবা কেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।
বৃহত্তর এ উপজেলার প্রতিটি প্রান্তিক মানুষ যাতে যথাযথ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে আমরা পুরো টিম একসাথে কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক সেবাযুক্ত কেন্দ্রে রূপান্তরিত করা।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা এই লক্ষ্য অর্জনে দ্রুত সফল হব।