মো: মাসুম বিল্লাহ,
পিরোজপুর জেলা প্রতিনিধি:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্টরা,আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েগেছে স্বৈরাচার হাসিনা।
আমরা দুর্নীতি বন্ধ করতে এসেছি এবং দেশকে ভালো কিছু দিতে এসেছি তাই প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করতে হবে,তাহলে অবশ্যই কাজের গতি বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন,যেকোনো কিছুর বিনিময় অবশ্যই ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত করতে হবে,কথা ও কাজে মিল রাখতে হবে, কোনো প্রকার ধোঁকাবাজি করা যাবে না,যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। দেশে সুশাসন আনতে হলে অবশ্যই দেশের আইন-কানুন, নিয়ম নীতি মানতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং অসহায় দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।
পরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।