সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের হামলায় নিহত হয়েছেন সুব্রত মণ্ডল (৩২)। সোমবার বিকেলে করমজল বড় খালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজনের একটি কাঁকড়া শিকারী দল করমজল খাল পার হচ্ছিলেন। সবাই নিরাপদে পার হয়ে গেলেও ছোটখাটো গড়নের সুব্রত খানিকটা দেরি করে উঠতে গেলে হঠাৎ পানির নিচ থেকে উঠে আসে বিশাল এক কুমির। মুহূর্তেই দুই পা কামড়ে ধরে টেনে নেয় পানির নিচে। সহযাত্রীরা মরিয়া হয়ে তিন মিনিটেরও বেশি চেষ্টা চালালেও কুমিরের শক্তির কাছে পরাস্ত হন তারা।
প্রায় ১৫ মিনিট পর কুমির সুব্রতকে মুখে নিয়ে ভেসে ওঠে। এ সময় বনরক্ষীরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেও কুমিরটি ডুব দেয় এবং আর ভেসে ওঠে না। সন্ধ্যা নামার পরও খোঁজ চলতে থাকে। স্থানীয় সাহসী কয়েকজন ভাটা থাকাকালীন পানিতে নেমে মরদেহ উদ্ধারে চেষ্টা চালান। অবশেষে রাতের দিকে ঢাংমারী এলাকার বাসিন্দা আলমের নেতৃত্বে সুব্রতের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রামে ফিরে আসা সুব্রতের মরদেহ ঘিরে শুরু হয় কান্নার রোল। নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। জানা যায়, সুব্রতের স্ত্রী অন্তঃসত্ত্বা, অসুস্থ বাবা-মা এবং ছোট তিন ভাইকে নিয়ে চলতো তার সংসার। একমাত্র রোজগারকারী সুব্রতর মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।
স্থানীয় বনজীবীরা জানান, করমজল এলাকায় প্রায়ই কুমিরের আক্রমণ ঘটে। এর আগে গত বছর একই এলাকায় মোশাররফ নামে এক শিকারী প্রাণ হারান। বনজীবীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।