আহমেদ আকবর
সিলেট
আম্বরখানায় প্রতিবন্ধী কিশোরকে রক্তাক্ত করার অভিযোগ
সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও তাণ্ডব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায়, আম্বরখানা সরকারি কলোনির সামনে এক প্রতিবন্ধী কিশোরকে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী কিশোরের মামা মাসুদ আহমেদ রুবেল (Masud Ahmed Rubel) একটি পোস্টের মাধ্যমে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি তার পোস্টে রক্তাক্ত জখমের একটি ছবি সংযুক্ত করে ক্ষোভ প্রকাশ করে লিখেন, “সিলেট আম্বর খানা সরকারি কলোনীর সামনে কিশোর গ্যাং এতো টাই বেপরোয়া হয়ে গেছে যে আজ প্রতিবন্ধী আমার ভাগনাকে রক্তাক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বরখানা ও এর আশেপাশের এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষের ওপর চড়াও হওয়া, ছিনতাই এবং মারামারির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। কোনো কারণ ছাড়াই একজন শারীরিক ও মানসিকভাবে অসমর্থ প্রতিবন্ধী কিশোরের ওপর এমন বর্বরোচিত হামলা স্থানীয় সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব তৈরি করেছে।
ভুক্তভোগীর পরিবার এই ঘটনার পর প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, “আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি, এদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
এলাকাবাসী ও সচেতন মহল সিলেট মেট্রোপলিটন পুলিশ (SMP)-এর কাছে আম্বরখানা ও এর আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত ও কঠোর চিরুনি অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষকে এভাবে রক্তাক্ত বা হেনস্তার শিকার হতে না হয়।