জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
সরকারের নির্ধারিত নতুন সময়সূচি মেনে চলতে শুরু করেছেন নূরজাহান মার্কেটের ব্যবসায়ীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১১টার আগে দোকান খুলছেন না তারা। ফলে মার্কেটজুড়ে দেখা গেছে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ।
শুক্রবার (১২ জুন) সকাল থেকে নূরজাহান মার্কেট ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানের শাটার বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা জানান, সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তারা সেটি যথাযথভাবে পালন করছেন।
নূরজাহান মার্কেটের মালিক সমিতির কোষাধ্যক্ষ মো : মহসিন জানান, সরকারি সিদ্ধান্ত মেনে চলা সবার দায়িত্ব। তাই নির্ধারিত সময়ের আগে দোকান না খুলে সকাল ১১টার পর ব্যবসা কার্যক্রম শুরু করছেন তারা। এতে একদিকে যেমন নিয়মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় ও প্রশাসনিক নির্দেশনাও প্রতিপালিত হচ্ছে।
সম্প্রতি সরকার দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানের মতো নূরজাহান মার্কেটের ব্যবসায়ীরাও নতুন নির্দেশনা অনুসরণ করছেন।