জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকার নূরজাহান মার্কেটের সামনের প্রধান সড়ক রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সকাল থেকে অফিসগামী সাধারণ মানুষ ও মার্কেটমুখী ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় পানি জমে থাকে। কিন্তু টানা রাতভর বৃষ্টির কারণে পানি জমে হাঁটু সমান হয়েছে। এতে ক্রেতাদের আসা-যাওয়া ব্যাহত হচ্ছে, ফলে ব্যবসায়িক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
পথচারীরা বলেন, সড়কে জমে থাকা পানিতে কোথাও কোথাও খোলা ম্যানহোল ঢেকে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনও এ পানি জমে থাকা রাস্তা দিয়ে চলাচল করতে হিমশিম খাচ্ছে।

স্থানীয়রা মনে করেন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও সংস্কারের অভাবেই নূরজাহান মার্কেট এলাকার সড়ক বারবার জলাবদ্ধতার শিকার হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।