শিহাব মিয়া,
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রুপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিল মালিকপক্ষের এক পাহারাদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর গ্রামের আহাদ নুর, জুবায়েল, শরীফ, মাহফুল, আশিক, সুলতান, তুফায়েল, বড়বাবু, জিয়ার হোসেন, মাসকু, দিলু, শহীদ, সাহিদ, তাফিদ, ফেরদৌস, শামীমসহ আরও অনেকে দলবদ্ধ হয়ে রুপেসর হাওরে মাছ ধরতে প্রবেশ করেন। এ সময় বিল মালিকপক্ষের পাহারাদারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উত্তেজিত জেলেদের একটি অংশ মধ্যনগর বাজারে বিল মালিকপক্ষের ভাড়া করা ঘরে হামলা চালায়। এসময় ভাঙচুরের পাশাপাশি এক পাহারাদারকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বিল মালিকপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে জেলেদের অভিযোগ, সংশ্লিষ্ট বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে এবং সংঘর্ষে তাদের পক্ষ থেকেও একজন আহত হয়েছেন। অন্যদিকে মালিকপক্ষ দাবি করছে, তাদের কাছে বিলের বৈধ কাগজপত্র রয়েছে।
মধ্যনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, “বিলটি শতভাগ বৈধ।”
এ বিষয়ে মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”