আবদুল্লাহ আল নোমান
আলীকদম প্রতিনিধি
দৈনিক যুগান্তকর বাংলাদেশ
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে প্রায় দুই মাস আগে সংঘটিত একটি মারামারির ঘটনার জের ধরে প্রকাশ্যে প্রতিশোধমূলক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দারুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাশেম মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দারুল ইসলাম সিরাজ কারবারীপাড়ার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী এবং প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রায় দুই মাস আগে সিরাজ কারবারীপাড়ার ঢাকাইয়া দোকানের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও উভয় পক্ষের সমঝোতা না হওয়ায় বিরোধটি অমীমাংসিত থেকে যায়।
অভিযোগ রয়েছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই শনিবার দুপুরে চৈক্ষ্যং থেকে আলীকদম বাজারগামী একটি টমটমে থাকা দারুল ইসলামকে কাশেম মেম্বারপাড়ার রাস্তার পাশ থেকে জোরপূর্বক নামিয়ে নেওয়া হয়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার বাম কানে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে আহতের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, পূর্বের বিরোধগুলোর কার্যকর নিষ্পত্তি না হওয়ায় প্রতিশোধপরায়ণতার প্রবণতা বাড়ছে। সময়মতো বিরোধের সমাধান না হলে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।