মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিমা আক্তার দুগনই গ্রামের মৃত রিপন মিয়ার স্ত্রী। অভিযানের সময় তার কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনা-বেচার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে। তারা এই চক্রের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন জানান, মাদকের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।