শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর নেতৃত্বে এএসআই মোঃ আমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে মধ্যনগর থানাধীন ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ নওয়াব আলী (৬৫)। তিনি মৃত আব্দুল মজিদের পুত্র। তার বাড়ি ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে তিনি মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মধ্যনগর থানার মামলা নম্বর-০৬, তারিখ-২৭/১১/২০২৪ খ্রিঃ, ধারা-১৫(৩)/২৫ডি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সোমবার দুপুর আনুমানিক ২টায় তাকে মধ্যনগর থানায় আনা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশি প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।