মোঃ শাহজাহান বাশার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলা পুলিশের অভিযান ও গোপন সংবাদের ভিত্তিতে এই ধৃতরা গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ফুরকান (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফুরকান নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আবু সায়েদ মিয়ার ছেলে।
এই সময় তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২০ কার্টুন Mond Strawberry সিগারেট, ১৫ কার্টুন Mond Green Apple সিগারেট ও ৪৭ কার্টুন Oris বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকা থেকে সাজু মিয়া (২৪) ও জুয়েল (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজু মিয়া আখাউড়া উপজেলার বাউতলা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে এবং জুয়েল একই উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুল আলী মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সময় তাদের মোটরসাইকেল ও তল্লাশি করা হলে ১২,০০০ পিস Tapentadol ট্যাবলেটসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই মাদক কারবারিকেও আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে দ্রুত আদালতের মাধ্যমে বিচারিক ব্যবস্থার আওতায় আনা হবে।