নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলা শিল্পকলার উদ্যোগে এবং নাগেশ্বরীর ‘মায়ের তরী’ সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নজরুলের কালজয়ী গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হয়। বিভিন্ন বয়সী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকর্ম ও মানবতাবাদী দর্শন পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা শিল্পকলার কর্মকর্তা-কর্মচারী, ‘মায়ের তরী’ সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, আবৃত্তিকার, নৃত্যশিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন।
শেষে অংশগ্রহণকারী শিল্পী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।