মোঃ শাহজাহান বাশার,
সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (সোমবার) – তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট (রবিবার) সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকায় তিতাস গ্যাস বিশেষ অভিযান পরিচালনা করেছে।
সাভার, আশুলিয়া এলাকায় আঞ্চলিক বিক্রয় বিভাগের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৪০ ফুট অবৈধ বিতরণ লাইন ও ৪০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে মাসিক ৪৩,২০০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া বেক্সিমকোর গলি, চক্রবর্তী, আশুলিয়া এলাকার তিনটি সোর্সও কিলিং করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করেন জনাব মিল্টন রায়, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অভিযানে তিনটি স্পটে ৩টি অবৈধ চুনা কারখানা (ভাট্টি) এবং আনুমানিক ৮ কিলোমিটার দীর্ঘ ৫,৫০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২১০ ফুট এমএস লাইন পাইপও অপসারণ/জব্দ করা হয়।
কেরানীগঞ্জের দক্ষিন এলাকায় অভিযান পরিচালনা করেন জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে পাঁচটি স্পটে ২টি নামবিহীন ওয়াশিং কারখানা ও ১টি আবাসিকে ৬টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৪৩০ ফুট লাইন পাইপ, ৩০ ফুট জিআই পাইপ, ২টি বল ভালভ ও ১টি আবাসিক রেগুলেটর অপসারণ/জব্দ করা হয়। এর ফলে মাসিক ৮,৮৩,১৮৯/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।

এছাড়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ নারায়ণগঞ্জে ফতুল্লা ও নারায়ণগঞ্জ জোবির আওতাধীন ৮টি বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ ও সিএনজি প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে রায়ান সিএনজি স্টেশনের অতিরিক্ত ভাল্ব অপসারণের জন্য গ্রাহককে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। অন্য প্রতিষ্ঠান যেমন কাকলি ডাইং এন্ড প্রিন্টিং, সুমা স্টীল এন্ড রি-রোলিং, স্টার কাস্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং, ভাই ভাই লাইমস ইন্ডাস্ট্রি, শরীফ লাইমস, ইসলামি বোর্ড ফ্যাক্টরি ও রূপনগর প্রিন্টিং ওয়ার্কসে কোনো অনিয়ম পাওয়া যায়নি।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে এবং গ্যাস চুরি রোধ ও নিরাপদ বিতরণ নিশ্চিত করা হবে।