হামিদুর রহমান, তানোর রাজশাহীপ্রতিনিধি: রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তানোর উপজেলার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান—তানোর মডেল প্রাথমিক বিদ্যালয় ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়—পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয় দুটির সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, ও শিক্ষার্থীদের শিক্ষার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার প্রতি মনোযোগী হতে উৎসাহ দেন। এ সময় তিনি শিক্ষকদের প্রতিও কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন—যাতে শিক্ষকরা আরও আন্তরিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে মনোযোগ দেন।
বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আফিয়া আক্তার বলেন,
“শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। শিশুদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশের ওপর গুরুত্ব দিতে হবে।”
এসময় তিনি তানোর মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কাজ শুরুর পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান,
সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল হক মণ্ডল,
তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান,
এছাড়াও উপস্থিত ছিলেন তানোর পৌর ৫নং ওয়ার্ড সভাপতি সমসের সরকার আঃ লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মী এবং
অভিভাবকবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফিয়া আক্তার বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন, যা শিক্ষার্থীদের পরিবেশবান্ধব চেতনা ও সবুজ অভিযানের অনুপ্রেরণা জোগাবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।
স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকের এ সফরকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।