জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকাজুড়ে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে চরমভাবে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বিভিন্ন স্থানে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকের অবাধ ছড়িয়ে পড়ায় দিনদিন মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে।
এলাকাবাসীর অভিযোগ, গ্যাং সদস্যরা অস্ত্রের মহড়া, ছিনতাই, চাঁদাবাজি, মাদক বেচাকেনা এবং সাধারণ পথচারীদের হয়রানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় ছোট ছোট গলিতে তাদের উৎপাত ভয়ঙ্কর রূপ ধারণ করছে। অনেকে আতঙ্কের কারণে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও খুব দ্রুত এসব গ্যাং সদস্যরা জামিনে ছাড়া পেয়ে আবারও আগের মতো অপরাধে জড়িয়ে পড়ে। ফলে এলাকাজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সচেতন মহল বলছে, মাদক ও কিশোর অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় দীর্ঘমেয়াদি অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এলাকাবাসী দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা ও সন্ত্রাসীদের স্থায়ী দমন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।