জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার ঢাকা
রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডকে ঢাকা-২ সংসদীয় আসনে বহাল রাখার দাবিতে কামরাঙ্গীর চর থানা যুবদল ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০.৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের সামনে মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
এর আগে ৪ আগষ্ট মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ তিনটি ওয়ার্ড ঢাকা-২ আসনের অংশ হিসেবে রয়েছে। হঠাৎ করে সীমানা পরিবর্তনের চেষ্টা স্থানীয় জনগণের স্বার্থের পরিপন্থী। তারা দাবি করেন, প্রশাসন যদি এ সিদ্ধান্ত কার্যকর করে তবে এলাকাবাসী বঞ্চিত হবে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

এ সময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা যুবদলের সদস্য সচিব মো. সোহেল আরমান এবং ৫৫ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিন্টু আহাম্মেদ সহ আরো অনেকে।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ভোটের সময় এ এলাকার জনগণ ঢাকা-২ আসনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে এসেছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে তিনটি ওয়ার্ড আগের আসনেই বহাল রাখতে হবে।
মানববন্ধনে উপস্থিতরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।