মোঃ শাহজাহান বাশার। সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (সোমবার):
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও গ্যাস অপব্যবহার রোধে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গতকাল রবিবার (১৭ আগস্ট) ঢাকার সাভার ও নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পৃথক অভিযানে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ ও জরিমানা আদায় করা হয়।
সাভারের কলমা, গৌরীপুর, গরুরহাট, আশুলিয়া কলেজ রোড ও বড় আশুলিয়ায় অভিযান পরিচালনা করেন জনাব সিমন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
অভিযানে—
২টি শিল্প প্রতিষ্ঠান (রুট নেক্স ওয়াশিং ও মা থ্রেড অ্যান্ড এক্সেসরিজ),
৩টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় প্রায় ০.১ কিলোমিটার বিতরণ লাইন অপসারণ ও ১০০ মিটার পাইপ জব্দ করা হয়। এতে মাসিক প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে। এছাড়া, একটি শিল্প গ্রাহককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
একই দিনে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করেন জনাব হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে—

৩টি অবৈধ চুনা ভাটা ও ২টি হোটেল/রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,১.৫” ডায়ার ২০ ফুট এমএস পাইপ ও ১৫টি স্টার বার্নার জব্দ,চুনা ভাটার মালামাল ফায়ার সার্ভিস ও এক্সকেভেটরের সহায়তায় ধ্বংস করা হয়।
অভিযানে ২টি রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, ঢাকার পশ্চিম নাখালপাড়ায় গ্রাহক আবু তাহেরের বাড়িতে তিতাস ভিজিল্যান্স টিম পরিদর্শনে গিয়ে অনুমোদিত ৪ ডাবল চুলার বিপরীতে ১১ ডাবল চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ পায়। তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল বসানো হয় এবং রেগুলেটর জোন অফিসে জমা দেওয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগ উচ্ছেদে নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে। গ্যাসের অপব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।