মোঃ শাহজাহান বাশার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) দিবাগত রাত আনুমানিক ০১টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের কর্নগোপ এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি কর্নগোপ এলাকার বাসিন্দা ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়িতে পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ ফাহিম ভূঁইয়া (৩৫), পিতা: মোঃ ইসমাইল ভূঁইয়া, মাতা: মোছাঃ নার্গিস বেগম
২) নূরে মোহাম্মদ (১৮), পিতা: আঙ্গুর মিয়া
৩) খোকন মিয়া (৫৫), পিতা: মৃত রহমান মিয়া
৪) নাহিদ (১৮), পিতা: স্বপন সোহেল
৫) মোঃ জোবায়ের (২৪), পিতা: জাবেদ আলী
৬) এস.এম. তৌহিদুজ্জামান (২১), পিতা: মৃত মিকাইল মিস্ত্রি
গ্রেফতারকৃত সকলেই কর্নগোপ, ওয়ার্ড নং–৩, তারাবো পৌরসভা, থানা–রূপগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—১টি বিদেশি পিস্তল,পিস্তলের ৫ রাউন্ড গুলি,১টি কাটা রাইফেল,রাইফেলের ২ রাউন্ড গুলি,২টি চাপাতি,৩৬০ গ্রাম গাঁজা,৫টি মোবাইল ফোন ,নগদ ২১ হাজার ৯২০ টাকা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র প্রদর্শন, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের ভিত্তিতে সংঘবদ্ধ এই অপরাধী চক্রের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কর্নগোপ এলাকায় সন্ত্রাস ও মাদক কারবারের কারণে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। যৌথ অভিযানের মাধ্যমে এসব অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।