স্টাফ রিপোর্টার সেলিম রেজা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আইয়ুব খান। তার এ পদোন্নতির খবরে সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে যুবদলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইয়ুব খান বিভিন্ন সময়ে দলের নানা সাংগঠনিক দায়িত্ব পালন করে নেতৃত্বের যোগ্যতার প্রমাণ রেখেছেন।
দলীয় নেতারা মনে করছেন, যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ নেতৃত্ব বিকাশ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে প্রত্যাশা তাদের।
প্রতিক্রিয়ায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, দলের এই আস্থার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার
তার মনোনয়নের পর সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে মোহাম্মদ আইয়ুব খান যুবদলকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন