নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অত্যন্ত ব্যস্ততম কাজী মার্কেট থেকে বাসস্ট্যান্ডগামী সড়কে বোরকা পরিহিত এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনদুপুরে জনাকীর্ণ রাস্তায় ওই নারী হেঁটে যাওয়ার সময় এক বখাটে যুবক তার পথরোধ করে হেনস্তা করে।
লোকচক্ষুর সামনে এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক সোচ্চার হন আশপাশের পথচারী ও ব্যবসায়ীরা। তারা একজোট হয়ে অভিযুক্ত যুবককে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলেন এবং পরবর্তীতে তাকে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকদের মতে, বোরকা পরিহিত একজন নারীও যদি নিজ শহরের ব্যস্ত রাস্তায় নিরাপদ বোধ না করেন, তবে তা সমাজের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
এলাকাবাসী অপরাধী মানসিকতা দূর করতে ও নারীদের অবাধ চলাফেরা নিশ্চিতের লক্ষ্যে অভিযুক্ত যুবকের দ্রুত দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।