জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ অভিযান শুরু করার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মজার এক মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে লুলা দা সিলভা হাস্যরসের ছলে বলেন, “আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথা ভাবছিলাম।” তার এই মন্তব্য উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল তোলে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন মেসি। তার অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা টুর্নামেন্টে দারুণ সূচনা করে।
মেসির প্রশংসা করতে গিয়েই ব্রাজিল প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। যদিও তিনি স্পষ্ট করে জানান, এটি ছিল সম্পূর্ণই রসিকতা।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা। দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই আশাবাদী থাকার বার্তা দিয়েছেন লুলা।
তিনি বলেন, “স্পেনও তাদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আমাদের ফলের চেয়েও খারাপ ছিল। ব্রাজিলকে যখনই আন্ডারডগ ধরা হয়, তখনই তারা ভালো কিছু করে দেখায়।”
এদিকে ব্রাজিল শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দীর্ঘদিন চোট ও ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে থাকার পর প্রায় তিন বছর পর আবারও দলে ফিরেছেন তিনি। সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই তারকা ফুটবলার। তবে টুর্নামেন্টে তার প্রথম ম্যাচ কবে হবে, তা এখনো নিশ্চিত নয়।
আগামী শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সমর্থকদের দৃষ্টি এখন নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং দলের পরবর্তী ম্যাচের দিকে।