খুলনা ফুলতলা থেকে আহসানুল হক লড্ডন
খুলনার ফুলতলা উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কিট, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত রয়েছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ জন্য বাড়ির আঙিনা, আশপাশের ড্রেন, ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কার রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জীবাণুনাশক স্প্রে করার আহ্বান জানান তিনি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে এডিস মশার বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।