মোঃ মাসুম বিল্লাহ,
পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান।
সভায় ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, মশার প্রজনস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয় এ জন্য সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান,ইউপি সদস্য এম এ কাইয়ুম জামান, মাহমুদুল ইসলাম রুবেল,প্রধান শিক্ষক মুজিবুর রহমান,ধাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আবদুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মোর্শেদ রেজাউল করিম, সাবেক সভাপতি আবদুর রশিদ খান,ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা মোঃ আবদুল জলিল ফকির।
সভায় উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।