খুলনা ফুলতলা আহসানুল হক লড্ডন
মানব পাচার প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় রূপান্তরের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক শিক্ষক নেতা মোশাররফ হোসেন মোড়ল, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্যানেল চেয়ারম্যান সুমন পারভেজ মোল্লা, ইউপি সদস্য ডালিয়া খাতুন, ইয়াসমিন খান, সাইফুল ইসলাম ও ইমদাদুল হক মিতুল, শিক্ষক মোঃ মুরাদুল ইসলাম, ইমাম মোঃ রসুল আমিন এবং স্বাস্থ্যকর্মী নিগার সুলতানা প্রমুখ। সভায় বক্তারা মানব পাচারের বিভিন্ন রুট, পাচারকারীদের কৌশল ও কার্যক্রম এবং মানব পাচারের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সম্মিলিত উদ্যোগ গ্রহণ, সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা এবং স্থানীয় পর্যায়ে প্রতিরোধব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।