রাসেল শেখ সুমন
ফকিরহাট উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন তেমাথা মোড় এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ‘শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব’ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ জন মাদকসেবী ও জুয়াড়িকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, জুয়া খেলার সেট এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জানা গেছে, শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এবং শুভদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়াল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফকিরের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ক্লাবের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, অর্থ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অভিযানের খবর পেয়ে শুভদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে মাদক ও জুয়ার সরঞ্জামাদিসহ ৪ জনকে আটক করে।
শুভদিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ব্লাড ডোনার্স ক্লাব ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শুভদিয়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করার দাবি জানিয়েছেন