শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডায় ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ছাত্র পরিষদ বংশীকুন্ডা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বংশীকুন্ডা বাজার ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ ক্যাম্পেইন ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করা হয়।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে জুলাই সনদের গুরুত্ব, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে এ গণভোটের ভূমিকা তুলে ধরেন। এ সময় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বাইতুল মাল সম্পাদক আতিক সোহাগ, সাংগঠনিক সম্পাদক খোকন মো. রিয়ান, ওলামা বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব হোসেনসহ আরও অনেকেই।
তারা বলেন, এই গণভোট কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়; বরং এটি জুলাই সনদ বাস্তবায়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান নাগরিক দায়িত্বের অংশ।
তারা আরও জানান, সাধারণ জনগণের মাঝে গণভোট সম্পর্কে এখনও পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। এ কারণে ইসলামী ছাত্র পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পেইন, গণসংযোগ ও প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।