মোঃ ফারুক সরকার : জেলা প্রতিনিধি, বগুড়া
বুধবার (১ অক্টোবর) ২০২৫ ইং বগুড়ার শেরপুরে সহপাঠী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলভী আমিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে আলভী আমিন একই গ্রামের ওই স্কুলছাত্রীর সহপাঠী। গত ৩১ জানুয়ারি আলভীর বাড়িতে কেউ না থাকার সুযোগে বই আনার কথা বলে কিশোরীকে ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে স্কুলছাত্রীটি ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু বিয়ের বিষয়ে তালবাহানা করতে থাকায় বিষয়টি প্রকাশ পায়।
ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে শেরপুর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দিন বলেন, “আদালতে ধর্ষণ মামলা দায়েরের পর আসামি আলভী আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
অন্যদিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামে রাত ৩টার দিকে এক নবম শ্রেণীর ছেলে-মেয়েকে আপত্তিকর অবস্থায় আটক করে মেয়ের পরিবার। দুপুর ২টা পর্যন্ত পরিবার ছেলেটিকে মেয়ের বাড়িতেই আটকে রাখে। এ বিষয়ে ওসি এস.এম. মঈনুদ্দিন জানান, “এমন কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”