মোঃ ফারুক সরকার : জেলা প্রতিনিধি বগুড়া।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার সাবরুল সার্বজনীন পূজা মণ্ডপ, গোহাইল পূজা মণ্ডপ, গন্ডগ্রাম আদি কালীবাড়ি পূজা মণ্ডপসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং মণ্ডপে আগত ভক্ত ও সাধারণ মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সুফিয়ান, সংশ্লিষ্ট বিট অফিসার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সুধীজন ও গ্রাম পুলিশের সদস্যরা।
ওসি শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসবের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।