নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
মাদককে সমাজ থেকে চিরতরে দূর করে যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের পীরবাড়ী এলাকার যুবসমাজের হাতে ফুটবল উপহার তুলে দিয়েছেন গণসংহতি আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাইফুর রহমান দুলাল।
পীরবাড়ী এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় যুবকদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুর রহমান দুলাল বলেন, “আজকের যুবসমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অথচ একটি কুচক্রী মহলের কারণে আমাদের যুবসমাজ আজ মাদকের ভয়াল গ্রাসে ধ্বংসের মুখে পতিত হচ্ছে।
যুবসমাজকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি।
পীরবাড়ীর যুবসমাজ যেন মাদক থেকে দূরে থেকে ক্রীড়াচর্চায় নিজেদের নিয়োজিত রাখতে পারে, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তারই একটি অংশ।”
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিত্ব হোক বা সামাজিক আন্দোলন—সবক্ষেত্রেই সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তুলতে আমি বদ্ধপরিকল্পিত। আগামী দিনেও যুবসমাজের উন্নয়নে এ ধরনের গঠনমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী মো. সাইফুর রহমান দুলালের এই মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে তাঁর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।