পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদার, মো. আব্দুর রহিম, মোফাজ্জল হোসাইন, খান মো. ইলিয়াস হোসাইন, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মিতুল চন্দ্র বেপারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ এবং সহকারী শিক্ষক বাদল হোসেন।
সমাবেশে বক্তারা শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষকদের জীবনযাত্রার মান নিশ্চিতকরণে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরেন। তাঁরা বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার চরম বৈষম্য শিক্ষক সমাজকে নিরুৎসাহিত করছে। একই যোগ্যতা ও সমান পরিশ্রম করা সত্ত্বেও বেসরকারি শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে এই বৈষম্য দূরীকরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা দ্রুত জাতীয়করণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।