মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, বাহিনীটির এসআরবি-১-এর একটি বিশেষ দল বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
এদিকে, তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান ও আইনি কার্যক্রমের বিষয়টি আগেও সংবাদমাধ্যমে উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।