হামিদুর রহমান, (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গৃহবধূকে মারধর, ঘরের আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা লুট এবং বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার আটজনের বিরুদ্ধে তানোর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বানেশ্বর মার্ডি (৩৩)। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার কলমা ইউনিয়নের মালবান্দা মুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, তানোর উপজেলার কলমা ইউনিয়নের মালবান্দা মুচিপাড়া গ্রামের বাসিন্দা বানেশ্বর মার্ডির সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে বানেশ্বর মার্ডির স্ত্রী নাসিমা হেমরম (২৫)-এর ওপর অতর্কিতভাবে হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড়-থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম করা হয় বলে অভিযোগকারীর দাবি।
শুধু মারধর করেই ক্ষান্ত হননি অভিযুক্তরা—এমন অভিযোগ করে বালেশ্বর মার্ডি জানান, বাড়ির ভেতরে থাকা ফ্রিজ, স্মার্ট টিভি, খাট, চৌকি, শোকেস, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। এতে তার আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বাড়িতে থাকা নগদ ৪ লাখ টাকা অভিযুক্তরা নিয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা লুটের ঘটনায় মোট ৫ লাখ ২০ হাজার টাকার ক্ষতির দাবি করেছেন অভিযোগকারী।
বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্তরা অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের বসবাসের বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হয়েছে।
বালেশ্বর মার্ডির দাবি, বর্তমানে অভিযুক্তরা তার বসতবাড়িতে অবস্থান করছেন। অপরদিকে প্রাণভয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে প্রবেশ করতে পারছেন না। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
তানোর থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে দেবেন মুর্মু (৫৫), মতি টুডু (৩৫), সাগরি মুর্মু (২৫), সবুজ মুর্মু (১৮), এলানি মুর্মু (১৯), সাজনী মুর্মু (২২), কমল মার্ডি (১৭) ও রোজিনা টুডুর (২০) নাম উল্লেখ রয়েছে।
এ ঘটনায় কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন অভিযোগকারী। তাদের মধ্যে এডলকুম মার্ডি (৪৫), মো. হাবিবুর ওরফে হবি (৫০) এবং মো. নিয়ামত আলীর (৫৫) নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, ঘটনাটি স্থানীয় আরও অনেকেই শুনেছেন ও জানেন।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি
লিখিত অভিযোগে বালেশ্বর মার্ডি উল্লেখ করেছেন, জায়গা-জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বসতবাড়িতে স্বাভাবিকভাবে বসবাসের পরিবেশ ফিরিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।