মোঃ রিয়াদুল ইসলাম জামাল
বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাচুড়িয়া গ্রামের সন্তান ইব্রাহিম মোল্লা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে সহ-ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটি প্রকাশিত হয়, যা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। সেখানে ইব্রাহিম মোল্লার নাম অন্তর্ভুক্ত করা হয়।
রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে ইব্রাহিম মোল্লার পথচলা শুরু হয় ২০২০ সালে জেলা কমিটির সদস্য হিসেবে। পরে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। সেই ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে এবার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ায় ইব্রাহিম মোল্লা সংগঠনের শীর্ষ নেতৃত্ব, গোপালগঞ্জ জেলার নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন ব্যক্তিগত নয়; তৃণমূলের নেতাকর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফল।
তার এই অন্তর্ভুক্তিতে গোপালগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের আশা, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।