মোঃ ফারুক সরকার,জেলা প্রতিনিধি বগুড়া।
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া এক মামলার আসামিকে সফল অভিযানে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার মামলা নং–৩০, তারিখ– ২৮/০৯/২০২৫ খ্রিঃ, ধারা– ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন–২০০৯ অনুসারে দায়েরকৃত মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে শনাক্ত হয় শ্রী পলাশ চন্দ্র শীল (৩২), পিতা– শ্রী সুনীল চন্দ্র শীল। তিনি শ্রমিকলীগ, শাজাহানপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তার স্থায়ী ঠিকানা বগুড়া জেলার শাজাহানপুর থানার খরনা কর্মকারপাড়া গ্রামে।
থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ দিবাগত রাত আনুমানিক ০১.২০ ঘটিকায় খরনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
গ্রেফতারের পর আসামিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানায়, মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা তদন্তে উঠে এসেছে।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “মামলার তদন্ত চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইন–২০০৯ এর ৯(৩)/১০/১১/১৩ ধারার অধীনে এই মামলাটি পূর্বে দায়ের করা হয়েছিল। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।