নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগদারী পঞ্চায়েতপাড়া গ্রামের ৯৯ বছর বয়সী অসহায় সাজিরন বেওয়ার মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, মহিলা সদস্য নওরোজ জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা যায়, বয়সের ভারে সাজিরন বেওয়া বর্তমানে নিজে চলাফেরা করতে এবং ভিক্ষা করতে অক্ষম। দীর্ঘদিন ধরে তাঁর ৬২ বছর বয়সী মেয়ে ছকিনার ভিক্ষার আয়ের ওপর নির্ভর করেই কোনো রকমে তাঁদের সংসার চলছিল। জরাজীর্ণ ঘরে নানা সংকটের মধ্যে মা-মেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিরন বেওয়া। এ সময় তিনি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের জন্য দোয়া করেন।
স্থানীয়রা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা সাজিরন বেওয়ার মতো অসহায় মানুষের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।