জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাট আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়ীদের বেচাকেনার সুযোগ বাড়াতেই নির্ধারিত সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।