নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির বিভিন্ন স্থান পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত), নাগেশ্বরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর নাগেশ্বরী থানা এলাকায় মোট ৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিমা উপজেলার চারটি স্থানে তৈরি করা হচ্ছে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ে ১২টি, গাগলা বাজারে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশীতে ২৫টি এবং ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাড়ে ৯টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ চলছে।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা প্রতিমা তৈরির কারিগর ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রতিমা তৈরির স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং রাতের বেলা পাহারার ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ প্রশাসনের এমন আগাম তৎপরতায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।