কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৪ কেজি গাঁজা ও ৩১০ পিস ইয়াবাসহ ৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৪৯টি বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ২ সেপ্টেম্বর কুমিল্লা জেলা পুলিশের সব থানার উদ্যোগে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধারের পাশাপাশি মোট ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে জেলা পুলিশ।