আবদুল্লাহ আল নোমান
স্টাফ রিপোর্টর আলীকদম
দৈনিক যুগান্তর বাংলাদেশ
বান্দরবানের আলীকদম উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে আইন অমান্যকারীদের মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি তৈরি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রশাসনের অনুমতি ছাড়া এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে পাহাড় কাটার দায়ে সংশ্লিষ্টদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
পরিবেশবাদীরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, পাহাড় রক্ষা করতে হলে এমন কঠোর শাস্তির ব্যবস্থা অব্যাহত রাখা জরুরি।