মারুফ হাসান
ফটো প্রতিনিধি
দেশের ৬৪ জেলার কতগুলো ঘুরেছেন? কোন কোন জেলা এখনো দেখা হয়নি—এবার এসব তথ্য সহজেই জানা যাবে একটি ডিজিটাল মানচিত্রের মাধ্যমে। ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি ‘Unseen Bangladesh’ প্ল্যাটফর্মে নিজের ভ্রমণ করা জেলাগুলো নির্বাচন করে তৈরি করা যাচ্ছে ব্যক্তিগত ভ্রমণ মানচিত্র।
প্ল্যাটফর্মটিতে বাংলাদেশের মানচিত্রে ৬৪ জেলার অবস্থান দেখানো হয়েছে। ব্যবহারকারী যে জেলাগুলো ভ্রমণ করেছেন, সেগুলো নির্বাচন করার পর নিজের নাম ও ছবি যুক্ত করে তৈরি করতে পারবেন ব্যক্তিগত ট্রাভেল ম্যাপ। তৈরি করা ম্যাপটি ছবি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ ও শেয়ার করা যাবে।
শুধু জেলার তালিকা তৈরির সুবিধাই নয়, প্ল্যাটফর্মটিতে দেশের বিভিন্ন জেলার দর্শনীয় স্থান সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থান নিয়ে তথ্য রয়েছে। পাশাপাশি কোনো স্থানে কীভাবে যাওয়া যায়, আনুমানিক খরচ ও থাকার ব্যবস্থা সম্পর্কেও তথ্য দেওয়ার উদ্যোগ রয়েছে।
এ ছাড়া রয়েছে ট্রিপ প্ল্যানার সুবিধা। ভ্রমণকারীরা কোথা থেকে যাত্রা শুরু করবেন, কোন কোন জেলা ঘুরবেন এবং কতদিনের পরিকল্পনা—এসব তথ্যের ভিত্তিতে ভ্রমণ পরিকল্পনা সাজানোর সুযোগ রয়েছে।
প্ল্যাটফর্মটিতে ভ্রমণবিষয়ক কুইজ ও বাংলাদেশের জেলা চেনার জন্য ম্যাপ পাজলের মতো ফিচারও রাখা হয়েছে। ফলে ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা সম্পর্কে জানার সুযোগও থাকছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, উদ্যোগটির নির্মাতা মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসাব ও অভিজ্ঞতাকে একটি মানচিত্রে তুলে ধরার ধারণা থেকেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।
প্রযুক্তির মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি ভ্রমণকারীদের নিজেদের ভ্রমণের স্মৃতি সংরক্ষণের সুযোগ করে দিচ্ছে এমন উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখার আগ্রহ তৈরি এবং পর্যটনকে আরও জনপ্রিয় করতে ডিজিটাল এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
ওয়েবসাইট: https://bd-maps.vercel.app