মোহাম্মদ ইকবাল হোসেন
বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কণ্ঠনগর গ্রামে মসজিদের পাশে জানাজার নামাজের স্থান সংস্কারের উদ্যোগ নিয়েছেন গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ওমর ফারুক। আজ তিনি নিজ উদ্যোগে ইটের ব্লক ব্যবহার করে দীর্ঘদিনের প্রয়োজনীয় এ স্থানটির সংস্কারকাজ সম্পন্ন করেন।
স্থানীয়দের মতে, জানাজার নামাজ আদায়ের জন্য ব্যবহৃত স্থানটি দীর্ঘদিন ধরে সংস্কারের প্রয়োজন ছিল। বিষয়টি উপলব্ধি করে আলহাজ্ব ওমর ফারুক ব্যক্তিগত উদ্যোগে সংস্কারকাজের দায়িত্ব নেন। এতে এলাকার মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
আলহাজ্ব ওমর ফারুক গত তিন-চার বছর ধরে কণ্ঠনগর গ্রামসহ আশপাশের এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং গ্রামের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করার মাধ্যমে তিনি এলাকাবাসীর সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আলহাজ্ব ওমর ফারুক বলেন, “আমি দীর্ঘদিন ধরে নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। গ্রামের মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। ভবিষ্যতেও কণ্ঠনগর গ্রামের উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আরও জানান, এলাকার জনগণের চাহিদা ও ভালোবাসার পরিপ্রেক্ষিতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কণ্ঠনগর গ্রাম থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে তার। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তিনি কণ্ঠনগর গ্রামের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, শিক্ষা, সামাজিক অবকাঠামো এবং জনকল্যাণমূলক বিভিন্ন কাজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এসব সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কণ্ঠনগর গ্রামের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।