নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সারা দেশের সঙ্গে একযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রাঙ্গণে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন ও বিভিন্ন বিষয়ে তাদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আজিজুল হকসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।