নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি,সাঈদী হোসেন
প্রত্যেক বাবা-মা চান তাঁর সন্তানকে নিরাপদ, সুন্দর, সৎ, শিক্ষিত, ধার্মিক ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে তুলতে—এটা আমি এবং আমরা প্রত্যেকেই বিশ্বাস করি। কিন্তু বর্তমান সমাজের অবক্ষয়ের মাত্রা যে পর্যায়ে গেছে, তা কল্পনা করাও কঠিন।
আমরা শিখেছি মাগরিবের আজানের আগেই বাড়িতে ঢোকা বাধ্যতামূলক। এটা মূলত পরিবারের অভিভাবকদের চাপে। এখন কী দেখছি? আমাদের সন্তানেরা তো রাতকে দিন বানিয়ে ফেলছে। এমনও দেখা যায়, রাত ২টার আগেও কোনো কোনো সন্তান বাসায় প্রবেশ করছে না। এক্ষেত্রে বাবা-মায়েদের দায় কতটুকু—প্রশ্ন রেখে গেলাম।
আমরা দেখছি, কোনো কোনো পরিবারে অভিভাবকরা সন্তানদের অন্যায় কাজেও শেল্টার দিচ্ছে।
আমরা পেয়েছি, কোথায় মারামারি করে বাসায় এসে বিচার দিলে আগে নিজেকেই মারধর শুরু করতেন আমাদের বাবারা। বলতেন, তুই সেখানে গেলি কেন?
আজ যে পরিবার তার সন্তানকে বিভিন্নভাবে অন্যায় কাজে শেল্টার দিচ্ছেন, আপনি কি ভেবেছেন আপনার এই সন্তান বড় হলে আপনাকেই মারবে না? সম্পত্তির জন্য, নেশা খাওয়ার জন্য বুড়ো বয়সে আপনার টিপসই নিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না? আমরা এক সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে গেছি।
আপনার ছেলে রাজনীতি করছে—ভালো কথা, অনেক গর্ব করে বলছেনও। আপনি কি ভেবেছেন, আপনার সন্তান এই সময়ের মধ্যে সঠিকভাবে তার একাডেমিক শিক্ষা নিচ্ছে কিনা? আপনার সন্তান কোথাও গিয়ে মাদকের গুহায় ডুবেছে কিনা? আপনার সন্তান জমি দখলে দখলদারের ভূমিকায় আছে কিনা? আপনার সন্তান ইভটিজিংয়ে মেতেছে কিনা?
যদি এসব নজর করতে না পারেন, তবে বুঝবেন সমাজ এক বিশাল বোঝা তৈরি করছে।
এর দায় শুধু অভিভাবকদের দিলেই কি কথা শেষ? তা নয়। আমরা যারা সমাজের সচেতন মানুষ হিসেবে নিজেদের দাবি করি—এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, প্রভাবশালী নেতা, সমাজসেবক—তাদের দায়ও সমানভাবে রয়েছে।
এ যুগের কিছু নেতা চায়, অন্যের সন্তানেরা যদি শিক্ষিত হয়, তবে তাদের তাবেদারি কে করবে? সারাদিন-রাত তাদের পেছনে ‘প্রিয় অভিভাবক’ বলে কে চিৎকার করবে?
আমাদের সন্তানদের ভাবতে হবে আমরা কোথায় যাচ্ছি, এ পথ কতদূর এবং এ পথের অতীতের ইতিহাস কী।
এখনকার পরিস্থিতি একটা বার্তা দিচ্ছে—এবার পড়তে বসুন, মোবাইলটা দূরে সরিয়ে রাখুন। আপনি শিক্ষিত না হলে আপনার নেতা আপনাকে দিয়ে বাজার করাবে, আর তার ছেলে-মেয়ে বিদেশ থেকে ডিগ্রি এনে আপনাকে চামচা বানিয়ে রাখবে।
রাজনীতি করুন, তবে নিজের মূল পড়াশোনাটা ঠিক রেখে।
সিদ্ধান্ত আপনার।